প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৬ ২০:২২ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৬ ২১:০৭ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: বাসস
পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায় এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের জন্য কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ।
ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিং কিংবা অবৈধভাবে পরিবর্তনের মতো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর প্রতারণা রোধে আইনকে সময়োপযোগী করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে। বর্তমান সরকার সেই লক্ষ্যেই শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করছে বলে জানান তিনি।
এছাড়া সবাইকে উচ্চশিক্ষার দিকে অতিরিক্ত ঝোঁক না দিয়ে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শুধুমাত্র অনার্স-মাস্টার্স নির্ভর শিক্ষা বেকারত্ব বাড়াতে পারে।
মন্ত্রী আরও জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের ও যুগোপযোগী করে গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। যাতে তরুণরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।
সবাইকে উচ্চশিক্ষায় উৎসাহিত করে বেকারত্ব বাড়ানো যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।