ববি প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬ ২০:৩২ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে রবিবার ‘নারী নির্যাতন ও গুম নাটকের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। প্রবা ফটো
ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে দোষারোপ এবং নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
ববি শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, শিবির কর্তৃক ধর্ষণ এবং গুমের নাটক সাজিয়ে বিএনপি সরকারের প্রতি যে গুমের অভিযোগ এনেছে তারা, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রীয় নেতার এমন প্রমাণিত অসামাজিক কাজকে বৈধতা দেওয়ার জন্য জামায়াতের আমির ড. শফিকুর রহমান নিজেকে আরও একবার প্রমাণ করল, তাদের নারী নীতির ব্যাপারে কোনো সৎনীতি নেই।
তিনি আরও বলেন, নিজেরা গোপনে এ ধরনের অসামাজিক কাজ করে, সেটি আবার ধামাচাপা দেওয়ার জন্য নাটক করে, এ নাটক বন্ধ না করলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের জনগণকে নিয়ে তাদের প্রতিহত করবে।