চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ নুরুজ্জামান, দীপ্তি ও স্কিলস অ্যান্ড ইকোসিস্টেমসের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (এইচআরডিআই) পরিচালক আমির হামজা এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরীসহ অতিথিরা। ফাইল ছবি
দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ন্যাশনাল সেকেন্ডারি স্কুল সায়েন্স টিচার্স কনফারেন্স ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিপটি)।
এ লক্ষ্যে ডিপটি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিন প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি (টিওআর) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ নুরুজ্জামান। চুক্তিতে স্বাক্ষর করেন ডিপটি ও স্কিলস অ্যান্ড ইকোসিস্টেমসের নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন, এইচআরডিআইয়ের সহকারী পরিচালক আমির হামজা এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।
আয়োজকদের জানানো হয়, ২০২৬ সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৫০ জন মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষককে নিয়ে এ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অনুসন্ধানভিত্তিক শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তিনির্ভর বিজ্ঞান শিক্ষা, ডিজিটাল লার্নিং টুলস, বিজ্ঞান ক্লাব কার্যক্রম ও হাতে-কলমে শিক্ষার কৌশল নিয়ে কর্মশালা ও আলোচনা অনুষ্ঠিত হবে।
এছাড়া বিজ্ঞান শিক্ষকদের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলতে একটি জাতীয় বিজ্ঞান শিক্ষক নেটওয়ার্ক গঠনের উদ্যোগও নেওয়া হবে বলে জানানো হয়।
আয়োজকরা মনে করেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মেলন ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবক ও গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।