ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৬ ১৭:৩৩ পিএম
আপডেট : ২৯ মে ২০২৬ ১৭:৪১ পিএম
কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: দিপঙ্কর সরকার/ আইস্টক
ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দেয়া মন্তব্যের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
সাদা দলের আহ্বায়ক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক ড. আবদুস সালাম এবং ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত শুক্রবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
প্রতিমন্ত্রীর এ ধরনের “চরম অবমাননাকর ও দায়িত্বজ্ঞানহীন” উল্লেখ করে সাদা দলের দাবি, গবেষণা ও প্রকাশনায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে এবং টাইমস হায়ার এডুকেশন (THE) এশিয়া র্যাংকিং অনুযায়ী এটি দেশের অন্যতম শীর্ষ গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে প্রায় ৫৬টি সক্রিয় ও বিশেষায়িত গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে। এর মধ্যে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (সিএআরএস) এবং সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র উল্লেখযোগ্য। পাশাপাশি প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস ও ওয়েব অব সায়েন্স ইনডেক্সড জার্নালে অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করছেন বলেও উল্লেখ করা হয়।
সাদা দল দাবি করে, গবেষণা নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিমন্ত্রী অসত্য তথ্যের ভিত্তিতে দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনা করেছেন, যা “অত্যন্ত নিন্দনীয়”।
বিবৃতিতে আরও বলা হয়, শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়; স্বাধীন বাংলাদেশের জন্ম, বিকাশ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়।
এছাড়া স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন, নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলন, ১/১১-পরবর্তী অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক নেতৃত্ব ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ মানেই ঢাকা বিশ্ববিদ্যালয়।” এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সম্পর্কে একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর মুখে “ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার” ধরনের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সাদা দলের ভাষ্য, প্রতিমন্ত্রীর এই মন্তব্য “অজ্ঞতাপ্রসূত প্রলাপ” বলেই প্রতীয়মান হয়েছে এবং সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য “লজ্জাজনক”। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো দেশবাসী মর্মাহত হয়েছে বলেও দাবি করা হয়।
প্রতিমন্ত্রী –এর মন্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সাদা দল হুঁশিয়ারি দেয়, অন্যথায় বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।