চবি প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬ ২১:১৫ পিএম
অভিযুক্ত চবি ছাত্রদল নেতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফ রহমানকে এক তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটকের দাবি করেছেন স্থানীয়রা। এসময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন সাকিফ।
জোবরা এলাকার চৌধুরী পুকুর ২নং রোড কে. জে. এম টাওয়ারের পাশের ভবনে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, কয়েকজন যুবক সাকিফকে অনুসরণ করে তার বাসা পর্যন্ত যান। পরে বাসায় প্রবেশ করে তারা সাকিফকে ওই তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
তবে সাকিফ অভিযোগ করে বলেন, এটি কোনো অনৈতিক ঘটনা নয় বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। ওই তরুণী বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী।
তিনি বলেন, “ওই মেয়ের সকালে বাড়ি যাওয়ার কথা ছিল। এজন্য টিকিটও কাটা হয়েছিল। রাতে কয়েকজন মিলে ঘোরাঘুরির পরিকল্পনা করলে পরে এলাকায় কিছুটা ঝামেলার সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার জন্য তাকে বাসায় অবস্থান করতে বলা হয়”।
তিনি আরও জানান, গোসল করার সময় স্থানীয়রা দরজায় নক করেন এবং দরজা খোলার পর বিভিন্ন অভিযোগ তোলেন। এসময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন। পাশাপাশি তাদের ল্যাপটপ, মানিব্যাগসহ কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “এ বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্তের মাধ্যমে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্র মিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”।
এ বিষয়ে চবির সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন বলেন, “এরকম একটা ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে আমাদের শিক্ষার্থীদের উদ্ধার করে নিয়ে আসি। ঈদের ছুটি থাকায় পরে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইনে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি বিশ্ববিদ্যালয় নেবে”।