চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২২ মে ২০২৬ ২০:২৯ পিএম
আপডেট : ২২ মে ২০২৬ ২০:৪৫ পিএম
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাঈদ আল নোমান এমপি।
চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ‘সামার ২০২৬’ সেশনের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) ক্যাম্পাস প্রাঙ্গনে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও হাজারোধিক নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রায় এক হাজার নবীন শিক্ষার্থী ও চার শতাধিক অভিভাবকের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাঈদ আল নোমান এমপি। তিনি বলেন, ‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শুরু থেকেই শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের শিক্ষা এবং বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সামার ২০২৬ সেশনের নতুন শিক্ষার্থীদের তিনি ক্যাম্পাসে স্বাগত জানান এবং একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমে সমানভাবে সক্রিয় থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে সাঈদ আল নোমান ঢাকার পল্লবীতে রামিসার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পুরো উপস্থিতিসহ এক মিনিট নীরবতা পালন করেন।
তিনি বলেন, ‘রামিসার এই চলে যাওয়া আত্মাকে ক্ষতবিক্ষত করা এক অবর্ণনীয় ঘটনা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সরকারের দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে এই নৃশংস ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম. সেকান্দার খান, ইকোটেক্স লিমিটেডের পরিচালক (এইচআর) শাফায়েত কবির চৌধুরি, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর সিদ্দিক আহমেদ চৌধুরী এবং মেজর রেজাউল করিম (অব.)।
প্রধান বক্তা শাফায়েত কবির চৌধুরী করপোরেট জগতের বর্তমান চাহিদা এবং একাডেমিক শিক্ষার সঙ্গে এর সমন্বয় নিয়ে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু সনদ নয়, দক্ষতা, নেতৃত্বগুণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে মেজর রেজাউল করিম (অব.) শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে দূরদর্শী চিন্তা করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, আপনারা এখন থেকে ইডিইউভিয়ান। এই পরিচয় আর কখনও হারাবে না। আপনারা যেখানেই থাকেন, সবসময় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির নাম আপনাদের সঙ্গে থাকবে। তাই এই নামটিকে সমৃদ্ধ করতে চেষ্টা করবেন।