জাবিতে সাংবাদিক হেনস্তা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ ২১:৩৩ পিএম
আপডেট : ১৯ মে ২০২৬ ২২:৫৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের হেনস্থা, হুমকি ও মব সৃষ্টির অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির এবং জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা।
ছাত্র সংগঠনগুলো পৃথক বিবৃতিতে মঙ্গলবার এ ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এদিকে ঘটনা তদন্তে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামসুল আলমকে সভাপতি এবং জনসংযোগ অফিসের রিপোর্টার হাফিজুর রহমানকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কমিটির বাকিরা হলেন অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. আব্দুল হালিম ও অধ্যাপক ড. শামসুন নাহার। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের পরিবেশ বাধাগ্রস্ত হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তারা ক্যাম্পাসে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
অন্যদিকে ইসলামী ছাত্রশিবির জাবি শাখার নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে জানায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে মব সৃষ্টির চেষ্টা স্বাধীন সাংবাদিকতার নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী এবং অত্যন্ত উদ্বেগজনক।
জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদ এক বিবৃতিতে জানায়, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশ কোনোভাবেই ভয়ভীতি, হুমকি বা উস্কানিমূলক আচরণের মাধ্যমে বাধাগ্রস্ত করা যাবে না।
এর আগে রবিবার আন্দোলন সংক্রান্ত একটি ঘটনার ভিডিওধারণ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক অসৌজন্যমূলক আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টির অপচেষ্টার শিকার হন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) ও প্রেস ক্লাব এক যৌথ বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানায়।