পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ ১৫:৪৪ পিএম
আপডেট : ১৯ মে ২০২৬ ১৬:১৮ পিএম
ক্লাসের ব্ল্যাকবোর্ডের নিচেই রাখা হয়েছে শিল-পাটা, ড্রাম, চালের বস্তাসহ প্রত্যহ ব্যবহারের জিনিসপত্র। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটায় স্বামীসহ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসবাস করার অভিযোগ উঠেছে শিউলী পারভিন নামের এক শিক্ষিকার বিরুদ্ধে।
উপজেলার ১৩৯ নং ফাঁসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ দখল করে সেখানে বসবাসের অভিযোগ উঠেছে সেই শিক্ষিকার বিরুদ্ধে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহিদা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের দাবি, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলী পারভিন ও তার স্বামী একই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রব সিদ্দিকী দীর্ঘদিন ধরে সেখানে বাস করছেন।

তাদের ভাষ্য, বিদ্যালয়ের বেঞ্চসহ নানা উপকরণ ব্যবহার করে কক্ষটিকে বসবাস উপযোগী করা হয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হলেও অদ্যাবধি কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
স্থানীয়রা বলছেন, বিদ্যালয়ে পাঠদান চলাকালীন সময়ে ওই কক্ষে রান্না থেকে শুরু করে পরিবারের সব গৃহস্থালি কাজ করা হচ্ছে। দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে চলা এমন কর্মকাণ্ডে ব্যাহত হচ্ছে পুরো বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম। তবে সাবেক ওই প্রধান শিক্ষকের ভয়ে কোনো অভিভাবক বা শিক্ষক এ বিষয়ে কথা বলতে না চাইলেও তারা ওই কক্ষটিতে পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহিদা বেগম বলেন, “বিষয়টি জেনেছি। এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি”।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে”।