জাবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৬ ১৯:৫১ পিএম
আপডেট : ১৮ মে ২০২৬ ২০:২৮ পিএম
বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাকসু নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণচেষ্টার ১০০ ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে করতে না পারায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তা থেকে সোমবার বিকালে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার চাই বিচার চাই, দোষীদের বিচার চাই’, ‘আমার বোন নিপীড়িত কেন, সরকার জবাব দে’, ‘আমার বোন নিপীড়িত কেন, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দে’, ‘দোষীরা বাইরে কেন, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দে’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দেন তারা।
জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, দেশে এর থেকেও অনেক বড় ঘটনা ঘটে, যেখানে অপরাধীরা খুব দ্রুতই গ্রেপ্তার হয়। কিন্তু এ ঘটনায় আমরা দেখতে পাচ্ছি, অপরাধীর সম্পূর্ণ ফুটেজ থাকার পরও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পারেনি। এই ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় পুরো ক্যাম্পাসসহ মহাসড়ক অবরোধ করে দেওয়া হবে।
সমাবেশে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মতো ন্যক্কারজনক ঘটনার প্রায় ১৫০ ঘণ্টা পার হলেও রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী এখনও নীরব ভূমিকা পালন করছে। আমরা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ তীব্র আন্দোলন গড়ে তুলবে। এই আন্দোলনের ফলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রকে নিতে হবে”।
এর আগে, দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন জাকসুর নেতারা। পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।