খুলনা অফিস
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২১:১৩ পিএম
আবারও শোকের ছায়া নেমে এসেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলসংলগ্ন পুকুরে ডুবে সায়েম ফেরদৌস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তিনি আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সহপাঠীরা জানান, রবিবার (১৭ মে) বিকাল ৪টার দিকে সাঁতার কাটতে পুকুরে নামেন সায়েম। একপর্যায়ে তিনি পানির নিচে তলিয়ে যান। পরে তাকে খুঁজে না পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ২০ থেকে ৩০ মিনিট খোঁজাখুঁজির পর প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুরো ক্যাম্পাসজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সহপাঠীরা জানান, একই পুকুরে আগেও দুর্ঘটনা ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি।