শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ২০:৪৭ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬ ২০:৫২ পিএম
৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তের পরিচয় শনাক্ত ও তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তের পরিচয় শনাক্ত ও তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। উপাচার্যের আশ্বাসে পরে প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়।
উপাচার্যের সাথে আলোচনা শেষে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রশাসনিক ভবনের তালা খুলে দেন তারা।
এর আগে, সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে দেয় আন্দোলনকারীরা। এসময় প্রশাসনিক ভবনের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়।
অবরোধ শেষে অর্থনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী নাজিহা নাওয়ার বলেন, “আমরা আমাদের ৬ টি দাবিতেই অনড় রয়েছি। আমাদের ছয়টি দাবির মধ্যে শেষের ৪ টি দাবি সময়সাপেক্ষ হলেও প্রথম দুইটি স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব। এজন্য আমরা প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় দিয়েছি। ৭২ ঘণ্টার মধ্যে প্রশাসনকে অভিযুক্তের পরিচয় শনাক্ত করতে হবে এবং এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে হবে”।
ইতিহাস বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী লামিশা জামান বলেন,“আমাদের প্রশাসনিক ভবন অবরোধের উদ্দেশ্য ছিলো যাতে উপাচার্য স্যার এসে আমাদেরকে এই ঘটনার অগ্রগতি সম্পর্কে জানায়। আমরা স্যারের সাথে কথা বলেছি, আমাদের দাবিগুলো জানিয়েছি এবং ৭২ ঘণ্টা সময় দিয়ে আমরা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছি”।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আমি শিক্ষার্থীদের দাবিগুলোর সাথে একমত। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার বিষয়টি সম্পূর্ণ তদন্ত কমিটির ওপর। তবে আমরা চেষ্টা করবো দ্রুত এই সমস্যাগুলো সমাধান করার জন্য”।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সোয়া এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর দ্রুত বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।