জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৬ ১৩:৩২ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবরোধ কর্মসূচিতে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার লক্ষ্যে নতুন প্রশাসনিক ভবনে অবরোধ ও তালা ঝুলিয়েছেন একদল বামপন্থী শিক্ষার্থী।
প্রশাসনিক ভবনের ভেতরের একটি ফটক ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে রবিবার সকাল ১০টার দিকে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন।
আন্দোলনকারীরা জানান, প্রশাসনিক ভবন অবরোধ চলমান থাকবে। তবে শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে জরুরি প্রয়োজনে ভেতরে প্রবেশের সুযোগ রাখা হবে বলে তারা উল্লেখ করেন।
একই সঙ্গে তারা ছয় দফা দাবির ভিত্তিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আন্দোলনকারী নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা মুন বলেন, আমাদের প্রথম দাবি ছিল ৪৮ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করতে হবে।
তিনি বলেন, প্রশাসন ব্যর্থ হলে পুরো প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। আমরা ভিসি স্যারের কাছে জানতে চাই কত সময় লাগবে অভিযুক্তকে ধরতে।
ফাহমিদা মুন আরও বলেন, ১০৬ ঘণ্টা পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রশাসন শুধু অগ্রগতি হচ্ছে বললেও বাস্তবে কী কাজ হচ্ছে তা জানাচ্ছে না। তাই আমরা প্রশাসনিক ভবনে অবস্থান নিয়েছি।
জাবি ছাত্র ইউনিয়নের সদস্য ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। তদন্ত বা গ্রেপ্তারের কোনো পরিষ্কার আপডেট নেই।
তিনি বলেন, ভিসি স্যার অগ্রগতির কথা বললেও বিস্তারিত কিছু জানাতে পারছেন না। আমরা তার কাছে জবাবদিহি চাই।
তিনি আরও বলেন, আমাদের বোনের ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা এখানে অবস্থান করছি।
গত ১২ মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন এলাকায় এক ছাত্রী ধর্ষণচেষ্টার শিকার হন। এরপর থেকেই ঘটনাটিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ও আন্দোলন চলমান রয়েছে।