ববি প্রতিেবদক
প্রকাশ : ১৬ মে ২০২৬ ২১:৫৯ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: সময় টিভি
ঈদের দীর্ঘ ছুটির মধ্যেও শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা।
বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিকেলে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মামুন অর রশিদের সঙ্গে শিক্ষকদের এক জরুরি আলোচনা সভা হয়। সভা শেষে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সার্বিক অগ্রগতির কথা বিবেচনা করে শিক্ষকরা ছুটির মধ্যেও রবিবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালু রাখার যৌথ সিদ্ধান্ত নেন।
এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭ মে থেকে ৬ জুন পর্যন্ত মোট ১৯ দিনের ছুটির ঘোষণা করা হয়েছিল। গ্রীষ্মকালীন অবকাশ, বুদ্ধপূর্ণিমা এবং ঈদুল আজহা উপলক্ষে এই ছুটি নির্ধারিত ছিল।