বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬ ২০:২২ পিএম
আপডেট : ১৪ মে ২০২৬ ২০:২৮ পিএম
অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। তিনি যোগদানের তারিখ থেকে চার বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী ড. এম এম শরীফুল করীমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এই বিশ্ববিদ্যালয় থেকেই একজন উপাচার্য নিয়োগ পাওয়া। আজ সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমার মূলমন্ত্র থাকবে, ‘সবার আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়’। প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে অবগত”।
উপাচার্য আরও বলেন, “হয়তো একসঙ্গে সব সমস্যার সমাধান করা
সম্ভব হবে না,
তবে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করব।
সকল সহকর্মীকে সঙ্গে নিয়েই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই।”