প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬ ২০:২২ পিএম
বুধবার বিকালে আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ভিডিও থেকে
শিক্ষা মন্ত্রণালয় ও পলিসি মেকারদের কারণে কোন শিক্ষার্থীর জীবন থেকে যেন অতিরিক্ত ২ বছর ঝরে না পড়ে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) গাজীপুরে নিজস্ব ক্যাম্পাসে বুধবার বিকালে আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব বলেন মন্ত্রী।
তিনি বলেন, “আজকে আমরা তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিটিংয়ে বসবো। আমরা আলোচনা করবো কিভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সিলেবাস কাভার করে, সময় নষ্ট না করে আমরা যেন ঠিকমতো এগুতে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন ১০ বছরের স্কুলিং যেন ১০ বছরই থাকে। ১২ বছরের স্কুলিং যেন ১২ বছরই থাকে। কোন সেশনজট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পড়ো। তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করবো”।
তিনি আরও বলেন, “সেশনজট যেন বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করবো। আমাদের টার্গেট হলো একাডেমিক ক্যালেন্ডার হবে ৩১শে ডিসেম্বর এর মধ্যে। বিগত সময়ে শিক্ষায় যে অব্যবস্থাপনা রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে”।
এসময় বক্তব্য রাখেন আইইউটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও উপ-উপাচার্য ড. হোসাইন আরাবি নুরসহ অনেকেই।
এর আগে প্রধান অতিথি আইইউটি শিক্ষার্থীদের তৈরি করা গাড়ি ও অনন্য যন্ত্র ঘুরে ঘুরে দেখেন। এরপর বিভিন্ন দেশে প্রতিযোগীতায় অংশ নিয়ে পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন। একাডেমিক উৎকর্ষতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি প্রদান করেন।