খুলনা অফিস
প্রকাশ : ১২ মে ২০২৬ ১৮:২৮ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানের বিরুদ্ধে ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা সেমিস্টার রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করতে গিয়ে সোমবার অনিয়মের বিষয়টি জানতে পারেন। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।
এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের এ অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা বর্তমানে পলাতক রয়েছেন।
ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হান তার এবং কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করেছেন। আত্মসাৎ করা টাকার মধ্যে শিক্ষার্থীদের সেমিস্টার ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন খাতের অর্থ রয়েছে।
তিনি বলেন, বিষয়টি তদন্তে দুইটি কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিবেদন জমা দেওয়ার পর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ইউসূফ রায়হানের মাধ্যমেই ফি জমা দিয়ে আসছিলেন। তবে এবার রেজিস্ট্রেশন যাচাই করতে গিয়ে তারা জানতে পারেন, তাদের ফি জমা হয়নি।
অভিযোগ ওঠার পর থেকেই ইউসূফ রায়হান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।