প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ ২৩:৩১ পিএম
হংকংয়ের লি পো চুন ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের অধ্যক্ষ স্পেন্সার এ ফাউলার।
বাংলাদেশের শিক্ষা খাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সুযোগ খতিয়ে দেখতে ঢাকা আসছেন হংকংয়ের লি পো চুন ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের (এলপিসিইউডব্লিউসি) অধ্যক্ষ স্পেন্সার এ ফাউলার।
দুই দিনের সফরে রবিবার রাতে ঢাকায় পৌঁছাবেন তিনি। তার স্থানীয় প্রতিনিধির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে ড. ফাউলার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বর্তমানে কলেজটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিভাবক এবং এলপিসিইউডব্লিউসির প্রক্তনীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এলপিসিইউডব্লিউসি হংকংয়ের একটি পূর্ণাঙ্গ আবাসিক প্রাক-বিশ্ববিদ্যালয় বোর্ডিং কলেজ, যারা বৈশ্বিক ‘ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ’ (ইউডব্লিউসি) নেটওয়ার্কের সদস্য।
১৬ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য দুই বছরের ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট ডিপ্লোমা প্রোগ্রাম (আইবিডিপি) পরিচালনা করে শিক্ষা প্রতিষ্ঠানটি। বর্তমানে ৯০টির বেশি দেশের আড়াই শতাধিক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে।
ড. ফাউলার বলেন, একাডেমিক উৎকর্ষ এবং সামাজিকভাবে দায়বদ্ধ ও বুদ্ধিবৃত্তিকভাবে কৌতূহলী তরুণ সমাজ গঠনে জোর দেওয়ার কারণে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো আইবিডিপিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।
তিনি বলেন, তাদের কলেজে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে ৭০টির বেশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেয়। এসব কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের আগ্রহ ও দক্ষতা বিকাশের সুযোগ পায়।