চবি প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬ ১৯:৩২ পিএম
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র-ছাত্রী) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রবিবার সকালে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
দীর্ঘ ৪৪ বছর পর টুর্নামেন্টে আয়োজকের ভূমিকায় রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফুটবল টুর্নামেন্টে মোট ৪৩টি বিশ্ববিদ্যালয়ের টিম অংশ নেবে। এর মধ্যে ৩৪টি ছেলেদের ও মেয়েদের ৯টি টিম।
অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, দীর্ঘদিন পর আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে এই খেলা না হওয়ার পেছনে ছাত্র-শিক্ষক সম্পর্কের টানাপোড়েনসহ নানা কারণ ছিল। এবারের টুর্নামেন্ট যেন সুন্দর পরিবেশে সম্পন্ন হয় সেজন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।