বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬ ১১:১৪ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব সোমবার রাতে তার ফেসবুক আইডিতে এই কমিটিগুলো প্রকাশ করেন।
শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব স্বাক্ষরিত তালিকায় প্রতিটি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম রয়েছে।
ছাত্রলীগের এই পদক্ষেপকে ‘অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র’ হিসেবে দেখছে ছাত্রসংগঠনগুলো। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কোনও কর্মকাণ্ড ক্যাম্পাসে চলতে দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “এই সংগঠনটি নিষিদ্ধ এবং তাদের নেতারা পলাতক। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এমন অবস্থায় কমিটি ঘোষণা হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত। আমরা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না।”
শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “নিষিদ্ধ ও সন্ত্রাসী একটি সংগঠনের হল কমিটি গঠন সম্পূর্ণ বেআইনি। জুলাই-আগস্টে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িতদের এই কমিটিতে আনা হয়েছে। এটি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা। পুলিশ ও প্রশাসনের উচিত এদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া।”
সমাজতান্ত্রিক ছাত্রফন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের রাজনীতি করার কোনও প্রাসঙ্গিকতা নেই। নিষিদ্ধ থাকা অবস্থায় এই কমিটি ঘোষণা এক ধরনের দুঃসাহস।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “অনলাইনে বা ফেসবুকে অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু প্রকাশ্যে তাদের কোনপ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। তাদের অনলাইন তৎপরতার বিষয়টি আমরা গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থাকে জানাব। আইনিভাবে ফয়সালা না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে তারা কিছুই করতে পারবে না।”
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রলীগকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে ক্যাম্পাসে সংগঠনটির কোনো প্রকাশ্য কার্যক্রম ছিল না।