বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ২১:২৫ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬ ১৫:৫০ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা যায় এবং জবাবদিহির মধ্যে থাকা যায়, ততই একটি গণতান্ত্রিক সরকারের পথচলা সঠিক ও পরিষ্কার হয়। আর এই জবাবদিহি নিশ্চিত করার প্রধানতম মাধ্যম হলো স্বাধীন গণমাধ্যম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সোমবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, সাংবাদিকতার মাধ্যমে দিনশেষে কেবল রাষ্ট্র ও জনগণই উপকৃত হয়।
তিনি তরুণ সাংবাদিকদের নীতিনিষ্ঠ থেকে দেশপ্রেমের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের মূল প্রতিশ্রুতিই হলো মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং যুক্তির পক্ষে দাঁড়ানো। এই মূল্যবোধ থেকে বিচ্যুত হলে গণমাধ্যমের আর কোনো অস্তিত্ব থাকে না। পেশাগত চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সৃজনশীলতার সঙ্গে তা মোকাবিলা করার জন্য তিনি নবীন সংবাদকর্মীদের পরামর্শ দেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।
এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক, জাকসু ভিপি এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।