মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৬:৩৩ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬ ২১:০২ পিএম
ঢাকা শিক্ষাবোর্ড। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে এসএসসি ও দাখিল পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছে।
বৈরী আবহাওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটায় মানবিক দিক বিবেচনায় উপজেলা প্রশাসন ও শিক্ষা বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করে।
এসএসসি ও সমমানের পরীক্ষা মঙ্গলবার সারা দেশে সকাল ১০টায় একযোগে শুরু হওয়ার কথা ছিল। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা নিকলী জি সি পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় ও শহীদ সরণিকা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এবং মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টায় শুরু হয়।
উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, ভোররাত থেকেই কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। হাওর অঞ্চল হওয়ায় নৌপথই প্রধান যোগাযোগ মাধ্যম হওয়ায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে দূরবর্তী এলাকার অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এতে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি বলেন, “হাওর এলাকার বাস্তবতা বিবেচনায় এনে পরীক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে শুরু করা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।“
জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা জানান, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুধু নিকলী উপজেলার কেন্দ্রেগুলোতে পরীক্ষা দেরিতে শুরু হয়েছে। অন্য কোনো উপজেলায় এমন ঘটনা ঘটেনি।“
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তারের ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।