× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবিতে বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ২০:৪৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা বর্ষবরণ ১৪৩৩ এর বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা বর্ষবরণ ১৪৩৩ এর বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুরুত্থান’ প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণিল আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদযাপিত হয়েছে বৈশাখী শোভাযাত্রা ও  বাংলা বর্ষবরণ ১৪৩৩। 

বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ও মানবিক অনুষদ চত্বরে মৃৎ মঞ্চে বর্ষবরণ ও পহেলা বৈশাখের কর্মসূচি মঙ্গলবার সকাল ১১টার দিকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

উদ্বোধনের পরপরই শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি পুরাতন কলা ভবন প্রাঙ্গণ থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

দেখা যায়, শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির প্রতীকী নানা উপকরণ। রঙিন মুখোশ, ব্যানার ও মোটিফের মাধ্যমে তুলে ধরা হয় ঐতিহ্য, সংস্কৃতি এবং সমসাময়িক সামাজিক বার্তা।

শোভাযাত্রায় উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত, এবং এ বছর নববর্ষের আয়োজনে বৈচিত্র্য বিগত যে কোনো সময়ের চেয়ে অনন্য। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু দক্ষ গ্র্যাজুয়েট তৈরি নয়, বরং নৈতিকভাবে আলোকিত মানুষ গড়ে তোলা।”

তিনি আরও বলেন, “চৈত্র সংক্রান্তির মাধ্যমে আমরা বিগত বছরের দুঃখ-কষ্ট পেছনে ফেলে ভালোকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা।”

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, হল প্রভোস্ট, জাকসু’র ভিপি ও অন্যান্য নেতৃবৃন্দ, মহিলা ক্লাবের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমর্চারী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং জাবি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে ভিসি টিএসসি চত্বরে বৈশাখী মেলা উদ্বোধন করেন।  ভিসি বাংলা বিভাগ, দর্শন বিভাগ, ইংরেজি বিভাগ, সরকার ও রাজনীতি বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগে আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেন এবং আগত সকলের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে জাকসুর উদ্যোগে মধ্যাহ্নভোজে তিনি অংশ নেন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব আয়োজিত মধ্যাহ্নভোজেও তিনি যোগ দেন। বিকেলে ছাত্র-শিক্ষক কেন্দ্র, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র এবং জাকসুর সমন্বয়ে সেলিম আল-দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে, সকাল সোয়া আটটায় উপাচার্য তাঁর বাসভবনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানসহ বাংলা নববর্ষের সংগীত পরিবেশিত হয় এবং অতিথিদের মাঝে পরিবেশন করা হয় জিলাপী, সন্দেশ, কদমা, তরমুজ, আমের শরবত, বাতাসা, মুড়ি ও খৈসহ ঐতিহ্যবাহী বাঙালি খাবার।

এছাড়াও এদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উদ্যোগে নানাভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উপলক্ষে আয়োজন করা হয় হালখাতা এবং মিষ্টিমুখ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হল সংসদ সমূহের উদ্যোগে হলগুলোতে পান্তা-ইলিশসহ নানা আয়োজন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা