যশোর প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৮:৪২ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬ ১৯:০৭ পিএম
যশোর শিক্ষাবোর্ড ও খুলনা বিভাগের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে সোমবার দুপুরে কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড ও খুলনা বিভাগের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে সোমবার দুপুরে মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন,“ এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে ইতোমধ্যে শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছি”।
শিক্ষার্থীরা নকল করলে সেটি শিক্ষকদের ব্যর্থতা উল্লেখ করে মন্ত্রী বলেন, “করোনার ভেরিয়েন্টের মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে, ডিজিটাল নকল। ছেলেমেয়েরা যদি নকল করতে চায়, সেটি তাদের দুর্বলতা নয়- বরং এটি শিক্ষকদের দুর্বলতা”।
তিনি বলেন, “কেন বাচ্চারা নকল করতে চাইছে, সেটি খুঁজে বের করে আমাদের সমাধানের দিকে যেতে হবে”।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ার প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে মতবিনিময়সভায় সম্মানিত অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
নার্গিস বেগম বলেন, “বিগত সময়কালে যা হয়েছে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা যেন নতুন প্রজন্মকে নিষ্ঠা ও মমতায় গড়ে তুলতে পারি”।
তিনি বলেন, “বারবার বাংলাদেশের গণতন্ত্র ভূল্টিত হয়েছে। দেশবাসী আমাদের অনেককেই নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। বাংলাদেশকে বিনির্মাণে যেন আমরা নিজেদের ঐক্য অটুট রেখে কাজ করতে পারি- সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে”।
মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া নুরুল হক প্রমুখ।