প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ১৬:৪২ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬ ১৬:৪৬ পিএম
পরীক্ষার হলে শিক্ষার্থীদের প্রবেশের দৃশ্য। ছবি: ইসলামী বিশ্ববিদ্যালয় জনসংযোগ শাখা
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। এবারের পরীক্ষায় পাসের হার ৬০.৫০ শতাংশ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৮১.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন মিজানুর রহমান। তিনি কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের ছাত্র। মিজানুর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
গত ৩ এপ্রিল অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭৬ হাজার ৭৫৫ জন। উত্তীর্ণ হয়েছেন মোট ৪৬ হাজার ৬৩০ জন পরীক্ষার্থী।
ভর্তি পরীক্ষার নিয়ম অনুযায়ী, ন্যূনতম ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হয়। পরীক্ষায় ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩০ হাজার ৮৯ জন শিক্ষার্থী।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর অফিশিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর দিয়ে বিস্তারিত ফলাফল জানতে পারবেন।