বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১২:০৪ পিএম
বরিশাল শহরের রূপাতলির একটি বাসায় তল্লাশি চালিয়ে ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে থানায় নেয় পুলিশ। ছবি প্রতিদিনের বাংলাদেশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাসহ চারজনকে থানায় নিয়েছে পুলিশ।
বরিশাল শহরের রূপাতলি হাউজিংয়ের ২২ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় শুক্রবার রাত ১০টার দিকে তল্লাশি চালানো হয়।
বাসাটি ববি শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল ওরফে এমএইচ তমালের,যেটি মেস হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ছাত্রলীগ নেতা মইদুর রহমান বাকি ও এমএইচ তমালসহ চারজনকে থানা হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে তারা বলেন, ওই বাসায় প্রায়ই ছাত্রলীগের একাধিক নেতাকর্মী গোপনে বৈঠক করতেন। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করে পুলিশ।
ঘটনার দিন রাত ৯টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা বাসাটি অবরুদ্ধ করে। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।
পুলিশ হেফাজতে নেওয়া চারজন হলেন—মাহমুদুল হাসান তমাল, আকরাম খান ইমন, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মইদুর রহমান বাকি এবং রাকিব হাসান রনি।
প্রত্যক্ষদর্শী সোহান জানান, হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে জানতে পারেন ছাত্রলীগের কিছু সদস্যকে আটক করা হয়েছে। পরে পুলিশ এসে কয়েকজনকে থানায় নিয়ে যায়।
জানা গেছে, মইদুর রহমান বাকি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে আজীবন বহিষ্কৃত ছিলেন। এছাড়া এমএইচ তমালের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
আরেক শিক্ষার্থী ইমনের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই বাসায় মাদক কারবারও চলত।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দাবি করেন, গোপনে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বৈঠক চলছিল। এমন তথ্য পেয়ে তারা বাসাটি ঘিরে পুলিশকে খবর দেন।
তবে অভিযুক্ত মাহমুদুল হাসান তমাল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ছাত্রদলের কিছু সদস্য চাঁদাবাজির উদ্দেশ্যে সেখানে গিয়ে এই পরিস্থিতি তৈরি করে।
বরিশাল কোতোয়ালি থানার ওসি (তদন্ত) জানান, বাসায় তল্লাশি চালিয়ে তাদের নিরাপত্তার জন্য থানায় নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।