বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১৬:১৮ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬ ১৬:৩৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্যের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে যেকোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া পুলিশের রমনা বিভাগের এডিসি মো. শওকত আলী, রমনা জোনের এডিসি রব্বানী হোসেন, নিউমার্কেট জোনের এসি মো. জাহাঙ্গীর কবির এবং রমনা, শাহবাগ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন উপাচার্য। পাশাপাশি উদ্যানে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।
এ সময় সম্প্রতি ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়েও আলোচনা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।