বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ১৮:৪৩ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬ ১৯:২৮ পিএম
অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
শিক্ষা মন্ত্রণালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নাম ঘোষণা করেন।
অধ্যাপক ড. রইছ উদ্দিন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
শিক্ষকতা জীবনে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ইসলামিক স্টাডিজ বিষয়ে তার গবেষণা ও লেখালেখি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমাদৃত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কমিটি ও প্রশাসনিক দায়িত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তাঁকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রইছ উদদীনকে নিয়োগ দেওয়া হলো।