বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১৬:০৭ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণ, নিপীড়ন ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে প্রাঙ্গণে মানববন্ধন করেছে লোক-প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ, নিপীড়ন ও হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের অমর একুশে প্রাঙ্গণে রবিবার বেলা ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটা মৌন মিছিল বের করেন তারা। এঘটনায় দোষী এস এম তারিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে ৫৩তম ব্যাচের শিক্ষার্থী তানজিবা নাহিয়ান বলেন, “দোষীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এঘটনার কঠোর বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস পাবে না।”
৫০তম ব্যাচের শিক্ষার্থী সাদিকা আফরিন বলেন, “সুষ্ঠু বিচার নিশ্চিতের পাশাপাশি সংশ্লিষ্ট সাক্ষীদের যেন কোনো ধরনের হেনস্তা বা চাপের মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
এসময় লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হরে কৃষ্ণ কুন্ডু বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনা। ঘটনার সময় বিভাগের কয়েকজন শিক্ষক ভুক্তভোগীর পাশে ছিলেন এবং চিকিৎসা শেষে তাকে বাসায় পৌঁছে দেন। আমরা সকলেই এর সুষ্ঠু বিচার চাই।”
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্ল্যাকমেল করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় নিয়ে তাকে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। পরে ওই ছাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আশুলিয়া থানা পুলিশ উদ্ধার করেন।