বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৮ পিএম
জবি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
আহতদের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রয়েছেন। তাদের পুরান ঢাকার ন্যাশনাল ম্যাডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত সাংবাদিকরা হলেন— দৈনিক আমার দেশ-এর লিমন ইসলাম, দ্য ডেইলি স্টার-এর রাকিবুল ইসলাম, দেশ রূপান্তর-এর ফাতেমা আলী, আজকের পত্রিকা-র সোহান ফরাজী, দিনকাল-এর শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল, কালবেলা-র তৌসিন, নাইম, রাকিব ও মাজহার।
এছাড়া আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব। আহত শিক্ষার্থীদের নাম ও বিভাগ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকার চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খেলা শেষ হওয়ার বাঁশি বাজানোর পর মাঠের এক প্রান্ত থেকে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অপর প্রান্তে গিয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তা দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরাও আহত হন।
আহতদের মধ্যে আমার দেশ-এর জবি প্রতিনিধি লিমন ইসলাম ও দ্য ডেইলি স্টার-এর জবি প্রতিনিধি রাকিব মাদবরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “ঘটনাটি আমাদের সামনেই ঘটেছে। আমরা এ বিষয়ে জরুরি বৈঠক করছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে”।