প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৮:৪৭ পিএম
ইউআইইউ’র উপাচার্য এবং ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী এবং ট্রেজারার জনাব আরিফুল ইসলাম।
ইউআইইউ’র পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ রাজা, উপাচার্য প্রফেসর ড. মো আবুল কাশেম মিয় এবং ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর)-এর নির্বাহী পরিচালক ও প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান।
ইউআইইউ’র উপাচার্য এবং ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় উভয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, পরিচালক, শিক্ষক-গবেষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, উচ্চমানের আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, প্রশাসনিক কর্মকর্তা বিনিময় এবং পিএইচডি শিক্ষার্থীদের তত্ত্বাবধানে পারস্পরিক সহযোগিতা করা হবে। পাশাপাশি যৌথ গবেষণার জন্য সংশ্লিষ্ট ফ্যাকাল্টি সদস্যরা গবেষণা তহবিল লাভ করবেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চ (আইএআর) গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০১৯ সাল থেকে ইউনাইটেড গ্রুপের সক্রিয় আর্থিক সহায়তায় আইএআর এ পর্যন্ত ৮০ মিলিয়ন টাকার বেশি গবেষণা তহবিল প্রদান করেছে। প্রতিষ্ঠানটি বছরে দুইবার গবেষণা প্রস্তাব আহ্বান করে এবং বর্তমানে ১২০টিরও বেশি গবেষণা প্রকল্পে অর্থায়ন করছে।