বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৮ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
রাজশাহীসহ দেশের পাঁচটি বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে শনিবার সকাল ১১টা থেকে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট নিয়ে গঠিত এই ‘এ’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৮৯৭টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ১ লক্ষ ১৫ হাজার ৫১৫টি। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়ছেন ৬১ জন শিক্ষার্থী।
ভর্তিচ্ছুদের চাপ কমাতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দুই শিফটে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে।
এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একযোগে নেওয়া হচ্ছে।
তবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপের ব্যবহারিক ও লিখিত পরীক্ষা শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।
এক নজরে ‘এ’ ইউনিটের আসন বিন্যাস
কলা অনুষদ আসন সংখ্যা রয়েছে ৯৩১টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৬৩৬টি, আইন অনুষদে ১৬০টি, চারুকলা অনুষদে ১২০টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৫০টি।
ভর্তিচ্ছু ও অভিভাবকদের ভোগান্তি লাঘবে ক্যাম্পাসে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১০টি হেল্পডেস্কের পাশাপাশি অভিভাবকদের জন্য ১১টি টেন্ট ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। যানজট নিরসনে সকাল সাড়ে ৯টার পর ক্যাম্পাসের প্রধান সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি, রোভার স্কাউট এবং ফিজিক্যালি ডিজঅ্যাবল্ড ফোরামের সদস্যরা সক্রিয় রয়েছেন। জালিয়াতি ও প্রক্সি রুখতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ সদস্য এবং ভ্রাম্যমাণ আদালত।