বাসস
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২০:৫৭ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১১:২৫ এএম
শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনি সভা ও প্রচার নিষিদ্ধ করে রবিবার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি মাউশিকে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো সভা-সমাবেশ ও প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া রিটার্নিং অফিসারের পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভেন্যু হিসেবেও ব্যবহার করা যাবে না।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সেমিনার, সংবর্ধনা ও যুব সমাবেশের নামে কোনো কোনো প্রার্থী বা তাদের সমর্থকরা ভোটারদের জড়ো করে নির্বাচনি প্রচারণার চেষ্টা করছেন।
এক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান মাঠ বা হলরুম ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এতে আরও বলা হয়, নির্বাচনি শৃঙ্খলা রক্ষায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে রিটার্নিং অফিসারের লিখিত অনুমতি ছাড়া কোনো ধরনের সমাবেশ বা প্রচারণার ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমতিও দেওয়া যাবে না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, খুব দ্রুত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে একটি নির্দেশনা পাঠানো হবে। যাতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নির্বাচনি আচরণবিধি যথাযথ প্রতিপালন নিশ্চিত করেন।