প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬ পিএম
শুরু হল বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস ২০২৫। ‘জাস্ট এনার্জি ট্রানজিশন প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষামূলক সম্মেলন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) প্রাঙ্গণে চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় কূটনীতি কেবল প্রযুক্তিগত বা নীতিগত সমাধানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর সঙ্গে ন্যায়বিচার, মানবিক দায়বদ্ধতা ও নৈতিক স্বচ্ছতার প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্য ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিজ্ঞতা এই আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস তরুণদের বাস্তব কূটনীতির জটিলতা বোঝার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি বলেন, “ন্যায্য জ্বালানি রূপান্তর শুধু জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে যাওয়ার প্রশ্ন নয়; এটি মানুষের জীবন, সমতা ও যৌথ দায়িত্বের সঙ্গেও সম্পৃক্ত।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’এর (ইউনিস্যাব) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ। তিনি বলেন, মডেল ইউনাইটেড নেশনস বিতর্কের চেয়েও বেশি ভিন্নমত বোঝার অনুশীলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন টাইমস অব বাংলাদেশের প্রকাশক মো. মাসুদ রাজ্জাক, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও ইউনিস্যাব-এর সাবেক সভাপতি ড. তৌফিক জোয়ার্দার, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. সৈয়দ মুনতাসির মামুন।
উল্লেখ্য, বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস ২০২৫ আয়োজন করেছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)। মিডিয়া পার্টনার টাইমস অব বাংলাদেশ।