ইবি প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৯ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন শিক্ষককে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবি করেনÑ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েক নেতা কর্তৃক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, ছাত্র উপদেষ্টা, প্রক্টর এবং প্রভোস্ট কাউন্সিলের সভাপতিকে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে কটূক্তি করা হয়েছে। ছাত্রদল পরবর্তীতে প্যাডে ক্ষমা চাইলেও সেটি প্রত্যাখ্যান করে প্রকাশ্যে শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুবাশশ্বির আমিন বলেন, ‘আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের অপমান কোনোভাবেই সইতে পারি না।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তকী ওয়াসিফ বলেন, ‘আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি কোনো রাজনৈতিক প্রতিহিংসা থেকে নয়। গত ১৬ ডিসেম্বর উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রেক্ষিতে আমাদের বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে আমরা আজ প্রতিবাদ জানাতে এসেছি।’
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রউফুল্লাহ খান বলেন, ‘আমাদের বিভাগের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমাদের সম্মানিত ছাত্র উপদেষ্টা ওবায়দুল স্যারের বিরুদ্ধে করা কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাতে।’