বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ১৮:০৬ পিএম
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। প্রবা ফটো
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয়ের ৫৫ বছর উদযাপনকে ঘিরে বর্ণিল আলোয় সাজানো হয় বাংলাদেশ ও বাঙালির ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পীঠস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো—ভোরে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি চিরন্তন চত্বরে জমায়েত এবং উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনী/চলচ্চিত্র প্রদর্শনী/ প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন ইত্যাদি।
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, নানা সময় প্রতিকূলতায় পড়তে হয়েছে। এখনও কঠিন সময় পার করছি। তবে বিজয় দিবসের মতো জাতীয় দিবস আমাদের ঐক্যবদ্ধ করে।
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘হীন স্বার্থে পরস্পরকে মুখোমুখি করার চেষ্টা চলছে। আমরা বিভাজন চাই না।’
এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘স্বাধীন ভূখণ্ডে আমাদের প্রত্যাশা ছিল ইনসাফ ভিত্তিক দেশ গড়া। কিন্তু তা সম্ভব হয়নি। বিজয় দিবসে আমাদের প্রতিজ্ঞা, গত ৫৪ বছরে যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তাদের বিচারের আওতায় এনে ইনসাফ কায়েম করা।’