ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘খাদ্য, পুষ্টিসমৃদ্ধ উপাদান ও প্রাকৃতিক ঔষধি উদ্ভিদের নির্যাস আহরণ, পৃথকীকরণ ও প্রক্রিয়াকরণের উন্নত পদ্ধতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ এবং সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ‘নর্দার্ন মারিয়ানা কলেজ’-এর প্রফেসর ও স্টেট প্রোগ্রাম লিডার ড. মো. জায়েদুল ইসলাম সরকার। তিনি অধ্যাপক ড. মো. আব্দুস সামাদের সঙ্গে একটি রিসার্চ কোলাবরেশনের উদ্দেশ্যে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে আসেন।
এ সময় সেমিনারে অধ্যাপক ড. জায়েদুল সরকার খাদ্যবিজ্ঞান, খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ, গবেষণা সহযোগিতা, গবেষণা তহবিল নিশ্চিতকরণ এবং বিদেশে গবেষণায় অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত, ড. জায়েদুল সরকার একজন খ্যাতিমান খাদ্যবিজ্ঞান ও নিউট্রাসিউটিক্যালস গবেষক। তিনি বর্তমানে নর্দার্ন মারিয়ানা কলেজে ফুড সায়েন্স প্রোগ্রামের প্রফেসর। এর আগে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের নিউট্রাসিউটিক্যাল টেকনোলজির প্রফেসর এবং ইউনিভার্সিটি অফ পুত্রা মালয়েশিয়ায় ফুড সায়েন্সের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন। জাপান, সৌদি আরবসহ বিভিন্ন দেশে পোস্টডক, ভিজিটিং প্রফেসর ও গবেষণার দায়িত্ব পালন করেছেন।