বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ ১৯:০৬ পিএম
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (৬ ডিসেম্বর) একযোগে দেশের ৫ টি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাবি ক্যাম্পাস ছাড়াও ঢাকার বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে নেওয়া হয় এ ভর্তি পরীক্ষা।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বলেন, অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ১টি আসনের বিপরীতে প্রায় ৩৩জন ছাত্র-ছাত্রী অংশ নিচ্ছে। এটি খুবই কঠিন একটি প্রতিযোগিতা।
ভর্তি পরীক্ষার বিষয়ে সন্তানদের উপর কোন ধরনের মানসিক চাপ সৃষ্টি না করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মনে রাখতে হবে ভর্তির সুযোগ পাওয়া মানেই জীবনের শেষ কথা নয়। প্রত্যেক শিক্ষার্থী তাদের নিজের মতো করে সক্ষম। এই সক্ষমতাকে সমর্থন ও বহিঃপ্রকাশের সুযোগ দেওয়া উচিত।
ব্যবসায় শিক্ষা ইউনিটরে ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯শ ৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।
এতে বিজ্ঞান শাখার ৫ হাজার ১৪৮জন, মানবিক শাখার ৫ হাজার ৮৯২জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ২৩ হাজার ২২জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে।