বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৪৯ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম জাবি শাখার উদ্যোগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভ ও রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি অধ্যাপক মো. শামছুল আলম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাতীয়তাবাদী শক্তি রয়েছে- দলমত নির্বিশেষে সবাই আমরা আজকে একত্রিত হয়েছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় রয়েছেন। তিনি আমাদের জাতির জন্য আশীর্বাদস্বরূপ, জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা দোয়া করেছি, তিনি অতিসত্ত্বর আমাদের মাঝে ফিরে এসে নির্বাচনে নেতৃত্ব দিয়ে দেশ ও জাতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসলে কোনো একক দলের নেত্রী নন, তিনি গোটা বাংলাদেশ নেত্রী, দেশের অভিভাবক। খালেদা জিয়া তার জীবনে গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, বর্তমানে দেশ ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। সামনের দিশা খুঁজে পেতে বেগম জিয়ার মতো সর্বোজনপ্রিয় একজন অভিভাবক প্রয়োজন, সেটা একমাত্র তিনিই। তাই দেশের এই ক্রান্তিলগ্নে তাকে আমাদের খুবই প্রয়োজন। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা এখানে একত্রিত হয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছি।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড আব্দুর রব, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শাখা ছাত্রদলের নেতারা।