বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২১:১০ পিএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ইয়ামিন (সেশন ২০১৯–২০) এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জহির রায়হান (সেশন ২০২১–২২)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আংশিক কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘোষিত আংশিক কমিটিতে আরও রয়েছেন—সিনিয়র সহসভাপতি মো. মাঈদুল ইসলাম বাপ্পি, সহসভাপতি মো. তুহিন রানা, সিনিয়র যুগ্ম–সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, দপ্তর সম্পাদক মো. সুমন হোসেন, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা। ছাত্রী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. আসমা আক্তার খুশি।
একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সদ্য নেতৃত্বে আসা বেরোবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংগঠনিক ব্যস্ততার কথা জানিয়ে পরে কথা বলবেন বলে জানান।