প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫ ১৮:৫৭ পিএম
রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত এ তারিখ অনুসারে স্নাতক ভর্তি প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ৩০ নভেম্বর (রবিবার) থেকে।
রবিবার (২৩ নভেম্বর) প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) অন্তর্বর্তী প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত গত শনিবারের (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ২৫ নভেম্বরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা পুনর্ব্যক্ত করা হলো। এরপর নতুন এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩০ নভেম্বর।
যদিও এর আগে, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছিল, সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস ২৩ নভেম্বর থেকে শুরু হবে। ১১ নভেম্বর ভর্তি, রেজিস্ট্রেশন ও পাঠদানসংক্রান্ত করণীয় নির্ধারণে অন্তর্বর্তী প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত করার আগেই অধিভুক্তি বাতিল করায় পরিস্থিতি আরও জটিল হয়। এখন ঢাকা কলেজের অধ্যক্ষকে প্রশাসক করে অন্তর্বর্তী ব্যবস্থায় সাত কলেজের কার্যক্রম চলছে।