বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ২৩:১১ পিএম
হাটহাজারীর যুবলীগ নেতা হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীদের সংঘর্ষের ঘটনায় আলোচিত হাটহাজারীর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া।
গত বছরের ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের সময় যুবলীগ নেতা হানিফ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত চারশ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় ২ সেপ্টেম্বর হাটহাজারী মডেল থানায় ৯৫ জনের নাম উল্লেখসহ আরও প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ মামলায় ১ নম্বর আসামি করা হয় হানিফকে।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার দোকান দখল নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় হানিফের অনুসারীরা। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন। স্থানীয়দের মতে, চবি রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গায় থাকা অধিকাংশ দোকানের নিয়ন্ত্রণ ছিল হানিফের হাতে। দোকান পরিচালনা করতে নিয়মিত চাঁদা দিতে হতো তাকে। ফতেপুর ইউনিয়ন ও বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন কোনো দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে হলেও নিতে হতো তার ‘অনুমতি’। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর, ভাঙচুর ছিল নিয়মিত ঘটনা।