বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ২০:০৮ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫ ২০:১০ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ৪০৩ জন ছাত্রলীগ নেতাকর্মীর তালিকা প্রকাশ করেছে ঢাবি প্রশাসন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য-সচিব সাইফুদ্দীন আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার জন্য তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট দেয় এবং ১৭ মার্চ সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনা শেষে এই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট কর্তৃক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি দ্বিতীয় সভায় ১২৮ জনসহ সর্বমোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃত অপরাধের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তার কারণ দর্শিয়ে লিখিত জবাব বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে প্রক্টর অফিসে লিখিত জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আপনাদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেওয়া হবে।
তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, নেতাকর্মীদের নাম, বিভাগ, ছাত্রলীগের পদবি, হল এবং সেশনের নাম লেখা হয়েছে। এরমধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী ইনান, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ সব হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ রয়েছে।তালিকায় জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্তর নাম আসেনি। এ ছাড়াও ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার নাম রয়েছে।
এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ বাতিলের জন্য সুপারিশ করা হবে। এ বিষয়ে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।