বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫ ২০:৫৫ পিএম
সুদানে চলমান গণহত্যা ও জাতিগত নিধনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয় ছাত্রশক্তি’র নেতৃবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, সুদানে সামরিক বাহিনীর দুই পক্ষের ক্ষমতার দ্বন্দ্ব ও বৈশ্বিক খনিজ সম্পদের রাজনীতির বলি হয়ে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র, আরব আমিরাতসহ কয়েকটি বিশ্বশক্তি এ হত্যাযজ্ঞে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে। অথচ আন্তর্জাতিক মিডিয়া, জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে—যা গণহত্যার সহযোগিতার শামিল।
জাতীয় ছাত্রশক্তির যৌন নিপীড়নবিরোধী সেলের সদস্য ফারহানা ফারিনা বলেন, পৃথিবীর মানুষ আজ সিলেক্টিভ রাজনীতিতে মগ্ন। তারা শুধুমাত্র ভাইরাল বিষয় নিয়েই কথা বলছে। অথচ মার্কিন আগ্রাসনে যে দেশগুলো ধ্বংস হচ্ছে, সে বিষয়ে কেউ কথা বলছে না। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো মানবাধিকারের নামে সিলেক্টিভ রাজনীতি করছে। আমরা তাদের কাছে দাবি জানাই—এই দ্বিচারিতা বন্ধ করুন এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিন।
ছাত্রশক্তির জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, সুদানের ঘটনায় বিশ্বসংস্থা ও মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা শুধু লজ্জাজনক নয়, এটি গণহত্যার অপরাধে প্রত্যক্ষ সহযোগিতার শামিল। আমরা দাবি জানাই—সুদানের গণহত্যা অবিলম্বে বন্ধ করা হোক, আরএসএফ বাহিনীকে বিচারের আওতায় আনা হোক এবং যারা এই হত্যাযজ্ঞে অর্থায়ন করছে, তাদেরও শাস্তির মুখোমুখি করা হোক।
কর্মসূচিতে বক্তারা দেশবাসীকে সুদানের স্বাধীনতাকামী মানুষের পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুদানের গণহত্যার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়ে আনুষ্ঠানিক নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়।