পবিপ্রবি
আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২০:০৫ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫ ২০:২০ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো ‘দ্য কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ’-এর সপ্তম বার্ষিক সায়েন্টিফিক কনফারেন্স। ‘স্ট্রেংদেনিং কোস্টাল রেজিলিয়েন্স থ্রু ভেটেরিনারি ইন্টারভেনশনস’ প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে উপকূলীয় জীববৈচিত্র্য ও প্রাণিসম্পদ সুরক্ষায় ভেটেরিনারি সায়েন্সের কার্যকর ভূমিকা তুলে ধরা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) এই কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, এএনএসভিএম অনুষদের ডিন, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কনফারেন্স আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন স্বাগত বক্তব্যের পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাহবুব আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, প্রাণিসম্পদ অধিদপ্তর, বেসরকারি সংস্থা ও শিল্প খাতের প্রায় ২০০ গবেষক, শিক্ষক ও পেশাজীবী অংশ নেন। প্রাণিস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, উৎপাদন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ভ্যাক্সিনেশনসহ নানা বিষয়ে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
পবিপ্রবি প্রশাসন এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রথম সায়েন্টিফিক কনফারেন্স প্রাণবন্ত আলোচনা ও গবেষণামূলক উপস্থাপনার মাধ্যমে উপকূলীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন অঙ্গীকার হিসেবে চিহ্নিত হয়েছে।