প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৭:১৬ পিএম
ফাইল ফটো।
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে প্রধান শিক্ষকরা এখন থেকে ১০ম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা-১৪ শাখার সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার (৮ অক্টোবর) এ নির্দেশনা দেওয়া হয়।
বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১১তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা ১২তম গ্রেডে আছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকই ১০ম গ্রেডে উন্নীত হবেন।
তবে এ উন্নীতকরণের ক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। চিঠিতে বলা হয়েছে— বেতন স্কেল নির্ধারণে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা ও বাস্তবায়ন অনুবিভাগের সম্মতি নিতে হবে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন প্রয়োজন হবে। পদোন্নতির বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে সংযোজন করে তা সংশোধন করতে হবে।
প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের ১৬ মাসের মধ্যে ‘Basic Training for Primary Teachers (BTPT)’ কোর্স সম্পন্ন করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নির্দেশনায় বলা হয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয় প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করে সরকারি আদেশের একটি অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাবে।
এই সিদ্ধান্তের ফলে প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।