শিক্ষা মন্ত্রণালয়
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ২২:০৬ পিএম
গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে গত মঙ্গলবার এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, অনেক শিক্ষক-কর্মচারীকে জোরপূর্বক পদত্যাগ করানো হলেও তাদের বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি, অথচ দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
চিঠিতে আরও বলা হয়, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে তাদের বেতন-ভাতা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি বেতন-ভাতা চালুর ক্ষেত্রে অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব দপ্তরে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বহু শিক্ষককে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়। এতে অনেকেরই বেতন ও ভাতা বন্ধ হয়ে যায়।