বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ২২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত।
দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের নবনির্বাচিত প্রতিনিধিরা আগামী ৯ অক্টোবর শপথ নেবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে একাডেমিক ভবনের এ-ব্লকের ৪১৭ নম্বর কক্ষে, বেলা আড়াইটায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা।
গত ২৫ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয়ে সাত বছর পর অনুষ্ঠিত হয় ছাত্র সংসদ নির্বাচন। এতে সহ-সভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হন ইয়াসিন আল মৃদুল এবং সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হন মো. রায়হান খান। নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫৭ জন প্রার্থী, যেখানে মোট ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ৭৬১ জন।
উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্র সংসদ চালু রয়েছে। প্রথম গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে এবং সর্বশেষ ২০১৮ সালে। তবে প্রশাসনিক জটিলতার কারণে ২০১৮ সালের সংসদ পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেনি। পরবর্তীতে ২০২০ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সংসদ বিলুপ্ত ঘোষণা করে। দীর্ঘ বিরতির পর এবার অনুষ্ঠিত হয়েছে গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদের নির্বাচন।