প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:২৭ পিএম
ছবি: সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো হয়েছিল বলে স্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি ভেন্ডর প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়নি।
রবিবার (২৮ সেপ্টেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান উপাচার্য।
তিনি বলেন, ব্যালট কোথায় ছাপানো হলো বা কতগুলো ছাপানো হলো—এসব বিষয় নির্বাচনের স্বচ্ছতায় কোনো প্রভাব ফেলে না। কারণ, ভোটের উপযোগী ব্যালট প্রস্তুত করতে একাধিক ধাপ পেরোতে হয়।
উপাচার্য বলেন, ভেন্ডর প্রতিষ্ঠানের সহযোগী সংস্থা নীলক্ষেতে ২২ রিম কাগজ দিয়ে ৮৮ হাজার ব্যালট ছাপায়। কাটিং, প্রি-স্ক্যান ও সিলগালার পর চূড়ান্তভাবে ৮৬ হাজার ২৪৩টি ব্যালট সরবরাহযোগ্য হয়। বাড়তি ব্যালট প্রচলিত নিয়মে ধ্বংস করা হয়। এরপর ব্যালটগুলো মূল অফিসে নিয়ে প্রি-স্ক্যান ও নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করা হয়।
তিনি আরো বলেন, চূড়ান্তভাবে ২ লাখ ৩৯ হাজার ২৪৪টি ব্যালট ভোটের জন্য প্রস্তুত করা হয়। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন, প্রতিজনের জন্য ছয়টি ব্যালট। ভোট দিয়েছেন ২৯ হাজার ৮২১ জন, এতে ব্যবহৃত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৬টি ব্যালট। অবশিষ্ট ছিল ৬০ হাজার ৩১৮।
সিসিটিভি ফুটেজ ও ভোটার তালিকা নিয়ে অভিযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, প্রার্থীরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিদের উপস্থিতিতে ফুটেজ ও ভোটারদের স্বাক্ষরযুক্ত তালিকা পর্যবেক্ষণ করতে পারবেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে প্রার্থীদের পর্যবেক্ষণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।