প্রার্থী তালিকা প্রকাশ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১০:১২ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৩২২ প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১৯, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ এবং এজিএস পদে ১৬ প্রার্থী লড়ছেন। এ ছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ৬০ জন লড়বেন। এদিকে গত দুই দিনের যাচাই-বাছাইয়ে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
নির্বাচনের কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মোট প্রার্থী হচ্ছেন ৩২২ জন। ভিপি, জিএস, এজিএস বাদে অন্য পদের মধ্যে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৯, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৬, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১১, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৯, মহিলা বিষয়ক সম্পাদক ৭, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৮, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১৩, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৮, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ১০, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ১০, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১০, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৬, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ৭, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ৮, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ এবং সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১৭ জন প্রার্থী লড়বেন। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী ৫৫ জন।
প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশের পর আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের আপত্তি দাখিল করা যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে প্রার্থী ছিল মোট ৩২২ জন। এর মধ্যে ২৫৫ জন রাকসুতে, ৬০ জনকে সিনেটে সিলেক্ট করা হয়েছে। এ ছাড়া ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদেরকে বৃহস্পতিবারের মধ্যেই আপিল করতে হবে। আপিলটি গ্রহণযোগ্য হলে সেটা বিবেচনা করা হবে। ব্যাংক রসিদ , স্বাক্ষর, ছবি, ডোপ টেস্ট রিপোর্ট না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
৭ জনের প্রার্থিতা বাতিল
যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেনÑ সহসভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক প্রার্থী শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক প্রার্থী রিসার্চ চাকমা, কার্যকরী সদস্য প্রার্থী সুজন চন্দ, সিনেট ছাত্র প্রতিনিধি পদের দুই প্রার্থী মারুফ হাসান জেমস ও ওমর ফারুক সাফিন আজমির।
সাবেক ৩ সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে প্যানেল ঘোষণা করা হয়েছে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে। প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল বুধবার দুপুরে রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ১৮ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব বলেন, আমরা যে জার্নিতে নেমেছি, সেখানে আমরা জিতব, নয়তো শিখব। এই আকাঙ্ক্ষার জায়গা থেকেই মূলত আমরা এখানে হাজির হয়েছি। শিক্ষার্থীরা যোগ্য মনে করলে ভোট দেবে, অন্যদের যোগ্য মনে করলে তাদের ভোট দেবে।
হল সংসদে প্যানেলের ব্যাপারে তিনি বলেন, আমাদের অনেক সহযোদ্ধা হলগুলোতে স্বতন্ত্র হিসেবে প্রতিনিধিত্ব করছেন। হলগুলোতে আমরা প্যানেল না দিলেও ওই প্রার্থীদের প্রতি আমাদের সমর্থন থাকবে।
জিএস পদপ্রার্থী সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা দল-মত, মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করব। স্বতন্ত্র জায়গা থেকে যারা যোগ্য, তাদের নিয়ে আমরা এই প্যানেল গঠন করার চেষ্টা করেছি। আগামীর ক্যাম্পাসে সাংস্কৃতিক আবহ কেমন হবে, সেটা শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে।
প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. ইয়াসিন আরাফাত বিজয়, সহ-ক্রীড়া সম্পাদক মো. মনজু আরিফ, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মাহবুব আলম মোহন, মহিলা সম্পাদক পদে হেমা আক্তার ইভা, সহমহিলা সম্পাদক জান্নাতুল ফেরদৌসী তৃষা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. মিনহাজুর রহমান, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ফাহির আমিন, সহমিডিয়া সম্পাদক এম শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. জাকির হোসেন। এ ছাড়া সহবিতর্ক সম্পাদক আরিয়ান আহমদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আহসান হাবিব, সহসমাজকল্যাণ সম্পাদক পদে মোছা. ঈসিতা পারভীন তিথি। নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজ্জাদ হোসাইন, মো. আরিফুল ইসলাম, হাবিব হিমেল। প্যানেল থেকে সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য ৫টি পদে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারা হলেনÑ মেহেদী সজীব, সালাউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, মো. জাকির হোসেন এবং আহসান হাবিব।
এর আগে গত রবিবার দুপুরে ছাত্রদল ও ছাত্রশিবির রাকসু নির্বাচনে তাদের প্যানেল ঘোষণা করে। ছাত্রশিবিরের প্যানেলে জিএস পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজাকে রেখে চমক দেয়। পরে গত সোমবার গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামে আরও দুটি প্যানেল ঘোষণা করা হয়। গত মঙ্গলবার বিকালে ঘোষণা হয় ছাত্র ইউনিয়নের একাংশের আরেকটি প্যানেল। এ নিয়ে এখন পর্যন্ত রাকসুতে ছয়টি প্যানেলের আত্মপ্রকাশ ঘটল।