রাকসু নির্বাচন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ২১:৪৯ পিএম
প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বিষয়ে দিনভর উত্তেজনার পরে সন্ধ্যায় আলোচনায় বসে নির্বাচন কমিশন। তবে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সভা থেকে ওয়াক আউট করেছেন ক্যাম্পাসে বাম সংগঠনগুলোর মোর্চা ‘গণতান্ত্রিক ছাত্রজোট’, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ঘটনা ঘটে।
ওয়াক আউট করে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী সাংবাদিকদের বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন পাকিস্তান দূতাবাস ও মগবাজার থেকে পরিচালিত হয়। তারা আলোচনার জন্য ডেকেছেন পাকিস্তানপন্থী ও আমার ভাইদের ওপর হামলায় অভিযুক্ত নেতাদের। তাদের সঙ্গে আমাদের কোনো আলোচনা হতে পারে না। বাংলাদেশপন্থী যারা আছি, তাদের সঙ্গে সংহতি জানিয়ে আমরাও ওয়াক আউট করলাম।’
এ বিষয়ে জানতে চাইলে রাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ বলেন, ‘গত ২৭ মে যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের সঙ্গে আলোচনায় ডাকা হয়েছে। আমরা একাধিকবার সেই হামলার বিচার চেয়েছি। বিচারের বদলে আমাদের তাদের সঙ্গে সভায় ডাকা হয়েছে। আমরা এ সভায় বসতে পারি না।’
ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ বলেন, ‘সভায় কয়েকটি সংগঠনকে বিশেষ সুবিধা দেওয়া হলেও আমাদের সভায় কথা বলতে দেওয়া হয়নি। এছাড়া গণতান্ত্রিক ছাত্রজোট আমাদের আন্দোলন সংগ্রামের সহচর ছিল, আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়ে ওয়াক আউট করছি।’
কয়েকটি ছাত্রসংগঠন ওয়াক আউট করলেও আলোচনা চালিয়ে যান প্রধান নির্বাচন কমিশনার। আলোচনা সভায় সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘এর আগে নির্বাচনের তারিখ দুইবার পরিবর্তন হয়েছে। আগামী ২৫ তারিখেই নির্বাচন হতে হবে। নির্বাচনের তারিখ ঠিক রেখে, যাকেই যুক্ত করা হোক আমার সমস্যা নেই। তবে ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হতে হবে।’
আরেক সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আজকে যারা ভোটাধিকার চেয়ে কর্মসূচি করেছে, তাদেরই ভোটাধিকার নেই। এখানে যারা প্রার্থী, তাদের বাইরেও অনেককে ডাকা হয়েছে। নির্বাচন কমিশন এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারেনি।’
সভা শেষে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ সাংবাদিকদের বলেন, ‘আজকের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ হবে, এটা চূড়ান্ত। নির্বাচন ছাত্ররা যেভাবে চাইবে, আমরা সেভাবেই নির্বাচন আয়োজন করব। আইন অনুযায়ী যতটুকু ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, আমরা সবই করব। প্রথমবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নির্বাচন কমিশনে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, এর আগে গত ২৭ মে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, প্যারিস রোডে ৩ দফায় গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাদের ওপর ‘শাহবাগবিরোধী ঐক্যের’ ব্যানারে হামলা করা হয়। এ হামলার সঙ্গে রাবি ছাত্রশিবিরের সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠে।